রাজধানীতে জামায়াতের মিছিল ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সুরিটোলা এলাকায় গতকাল শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর করেন ষ প্রথম আলো
রাজধানীর সুরিটোলা এলাকায় গতকাল শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর করেন ষ প্রথম আলো

রাজধানীর ফুলবাড়িয়া ও রামপুরায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছেন।
দলের নিবন্ধন বাতিলে ‘নির্বাচন কমিশন ও সরকারের যড়যন্ত্র এবং জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না’ বলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ করেন জামায়াত-শিবিরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে ফুলবাড়িয়া উড়ালসড়কের নিচ থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বংশালের দিকে যেতে চাইলে পুলিশ পেছন থেকে তাদের ধাওয়া দেয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ান জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মিছিলের নেতৃত্ব দেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কদ্দুস ফকির প্রথম আলোকে বলেন, ফুলবাড়িয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করার চেষ্টা করেছিলেন। তাঁরা এ সময় ঢিল ছুড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
এদিকে সকালে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে রামপুরা এলাকায় আরেকটি মিছিল বের হয়। মিছিলে মহানগর জামায়াতের বিভিন্ন থানা কমিটির নেতা ও শিবিরের ৩০-৩৫ জন নেতা-কর্মী অংশ নেন।