রাজধানীতে জেএমবি জঙ্গি সন্দেহে ছাত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোন, মোটরসাইকেল ও ৩১টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা চারজনের মধ্যে দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং একজন ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে পড়ছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এস এম আবদুল গণি (২৫), আবু হুরায়রা বিন আমান সামছ (২৪), শাহনেওয়াজ আল মারুফ (২২) এবং এস এম আশরাফুজ্জামান (৩০)। চারজনই সচ্ছল ও শিক্ষিত পরিবারের সন্তান। এঁরা জেএমবির দাওয়াতি ও প্রশিক্ষণ শাখার সদস্য।গতকাল সোমবার র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রোববার সন্ধ্যায় কলাবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আবদুল গণিকে। তাঁর তথ্যের ভিত্তিতে গভীর রাতে গ্রেপ্তার করা হয় বাকি তিনজনকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ডেস্কটপ কম্পিউটার, তিনটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, প্রায় ৬২ হাজার টাকা ও ৩১টি জিহাদি বই।চারজনের মধ্যে আবদুল গণি ও আবু হুরায়রা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। শাহনেওয়াজ আল মারুফ প্রাইভেটে ‘এ’ লেভেল পরীক্ষা দিতে ধানমন্ডির একটি কোচিং সেন্টারে পড়ছেন। আর আশরাফুজ্জামান আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিভাগ থেকে পাস করে এখন একটি মোবাইল ফোন কোম্পানিতে কাজ করেন।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আবু হুরায়রা জেএমবির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। নেতাদের নির্দেশনা অনুযায়ী নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের কাজ করতেন। হুরায়রা জেএমবি নেতাদের গা ঢাকা দেওয়ার সুযোগ করে দিতেন।২০০৭ সালে আরও কয়েকজনকে নিয়ে মোহাম্মদপুরে ‘স্ফটিক’ নামে একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন হুরায়রা। এরপর তিনি হিযবুত তাহ্রীর, জেএমবি ও তানজিম নামে একটি সংগঠনে যোগ দেওয়ার ‘দাওয়াত’ পান। তখন থেকেই তিনি জেএমবির সঙ্গে জড়িয়ে পড়েন। গত বছরের প্রথম দিকে বান্দরবানে দাওয়াতি কাজ করার সময় তাঁকে ও আবদুল গণিকে বান্দরবান থানার পুলিশ গ্রেপ্তার করে।র্যাব জানায়, আবদুল গণি জেএমবির শুরা সদস্য। পাশাপাশি জামাআতুল মুসলেমিন ও হিযবুত তাহ্রীরের সঙ্গেও তাঁর সক্রিয় যোগাযোগ রয়েছে। আবদুল গণি, শাহনেওয়াজ, আশরাফ—সবাই জেএমবির নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণের কাজ করতেন।