
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গত বুধবার রাতে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও জঙ্গি তৎপরতায় ব্যবহৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন শামীন মাহফুজ ওরফে সুমন (৩৮), জাহিদুর রহমান (৩৩) ও ইসমাইল হোসেন (৩৯)। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি-ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল দুপুর ১২টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে শামীন জেএমবির অন্যতম দলনেতা। তাঁর নির্দেশে জাহিদুর ও ইসমাইল অন্যদের কাছে বিস্ফোরক, প্রচারপত্র (লিফলেট) ও অন্যান্য উপকরণ পৌঁছে দিতেন।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে এই তিনজন জানিয়েছেন, শুরু থেকে তাঁরা জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। শায়খ আবদুর রহমানসহ জেএমবির শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির রায় কার্যকর হলে তাঁদের মনোবল ভেঙে পড়ে। এরপর তাঁরা জামায়াতে মুসলিমিন নামের একটি সংগঠনের মাধ্যমে আল-কায়েদার ছত্রচ্ছায়ায় আসার চেষ্টা করেন এবং উগ্র মতাদর্শ প্রচার ও প্রসারের কাজে যুক্ত হন। পরে জামায়াতে মুসলিমিনের সব কার্যক্রম স্তিমিত হয়ে যায়। একপর্যায়ে তাঁরা জেএমবি এবং জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত হন। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে জঙ্গিদের মধ্যে সমন্বয় করাই ছিল তাঁদের মূল কাজ।
ডিএমপির যুগ্ম কমিশনারের ভাষ্য, শামীন জেএমবির কার্যক্রমে সহযোগিতা করছিলেন। তাঁরা পাকিস্তানসহ বিভিন্ন দেশে পলাতক বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছিলেন। এই তিনজন আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেন, তাঁরা গোপনে বান্দরবানের থানচিতে একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলেন। তাঁরা সেখানে নতুন করে সংগঠিত হয়ে আবার আল-কায়েদার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু তাঁদের কার্যকলাপ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে এলে তাঁরা সেখান থেকে আস্তানা গুটিয়ে বিভিন্ন স্থানে পলাতক অবস্থায় থাকেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএমপির উপকমিশনার (ডিবি) কৃষ্ণপদ রায়, মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, শেখ নাজমুল আলম, অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন।