রাজধানীতে জ্বরেরপ্রকোপ

রাজধানীতে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য জ্বর, সর্দি বা কাশিতে আক্রান্ত। পাড়ার ওষুধের দোকানে অথবা নামী চিকিৎসকদের চেম্বারে বেড়েছে রোগীর ভিড়। বিশেষজ্ঞরা বলছেন, গরমের পর হঠাৎ আর্দ্র আবহাওয়া এই পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিমাণে কম হলেও ডেঙ্গুও দেখা দিয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন ইনফ্লুয়েঞ্জার মৌসুম। বিভিন্ন রকম ভাইরাসজনিত জ্বরে মানুষ আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে।’ তিনি বলেন, রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু-আক্রান্ত একজন ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। আর দুজন চিকিৎসক একই রোগের চিকিৎসা নিয়ে গতকাল বৃহস্পতিবার হাসপাতাল ছেড়েছেন।
ওই হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, তাঁর ব্যক্তিগত চেম্বারে জ্বর নিয়ে আসা শিশুর সংখ্যা গত কয়েক দিনে বেড়েছে। ডেঙ্গু নিয়েও রোগী এসেছে। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, আর্দ্রতা বেশি থাকায় জ্বরের প্রকোপ একটু বেশি। তাই বৃষ্টি বা ঠান্ডা এড়িয়ে চললে সর্দি বা জ্বর থেকে দূরে থাকা যাবে। জন্ডিস ও প্যারা-টাইফয়েড নিয়েও রোগীরা তাঁর চেম্বারে আসছে।
মাহমুদুর রহমান বলেন, ইনফ্লুয়েঞ্জা সংক্রামক বলে একটু সতর্ক থাকা ভালো। হাঁচি বা কাশির সময় মুখে রুমাল বা কাপড় ব্যবহার করা উচিত। আর অবশ্যই হাত ধুয়ে খাবার খেতে হবে।
তবে এই সময় শিশুদের যত্ন নেওয়াটা বেশি জরুরি। কারণ, এরা সহজেই জ্বর, সর্দি বা কাশিতে আক্রান্ত হয়। আবিদ হোসেন মোল্লা বলেন, জ্বরে আক্রান্ত শিশুকে পানি বা তরল খাবার বেশি খাওয়াতে হবে। ‘কুসুম গরম’ পানিতে নরম কাপড় ভিজিয়ে শিশুর শরীর মোছাতে হবে। এই সময় মৌসুমি ফল খাওয়ানো ভালো। তিনি আরও বলেন, শিশু স্বাভাবিক প্রস্রাব (বার ও পরিমাণ) করছে কি না খেয়াল রাখতে হবে। ৮ থেকে ১০ ঘণ্টা প্রস্রাব না করলে অবশ্যই চিকিৎসকের কাছে নিতে হবে।
এসব বিশেষজ্ঞ বলেছেন, বয়স্করা ঘরের বাইরে থাকেন বেশি। তাঁদের রাস্তাঘাটের শরবত না খাওয়া উচিত। আর কোনো পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।