রাজধানীতে ঝড়, একজনের মৃত্যু
রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে দেয়াল ধসে ধানু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আট-নয়জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে ঝড়ে রাজধানীর ৩০২/২/২ ফ্রি স্কুল স্ট্রিটে একটি টিনশেড বাড়ির দোতলায় পাশের গোলাম মাওলা ও গোলাম আহমেদের নির্মাণাধীন ১৪ তলা ভবনের ১২ তলার একটি দেয়াল ধসে পড়ে। এতে ওই বাড়ির বাসিন্দা ধানু মিয়া, আল-আমীন, বাবুল, লাবণী, তাঁর ছোট দুই ভাই নাজমুল ও লাভলু এবং মা নাজমা বেগমসহ আট-নয়জন আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এসআই লিয়াকত আরও জানান, ধানু মিয়ার অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধানু মিয়ার মৃত্যু হয়। ধসে পড়া বাড়ির মালিকেরা লাশ বহন ও চিকিৎসার খরচসহ আনুষঙ্গিক সহায়তা করছেন।নিহত ধানু মিয়া ঠেলাগাড়িচালক ছিলেন। তাঁর বাবা মৃত শওকত মিয়া। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম সদর উপজেলায়। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনেরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। আহত ব্যক্তিদের সবাই চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।