রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে কারওয়ান বাজারের শুঁটকিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জহিরুল পেশায় একজন রিকশাচালক। তিনি সিরাজগঞ্জের কাজীপুর এলাকার ইউসুফ শেখের ছেলে।
নিহত জহিরুলের রিকশার মালিক রায়হান বলেন, জহিরুল মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। আজ সকালে তিনি ব্যক্তিগত কাজে কারওয়ান বাজারের শুঁটকিপট্টি এলাকায় আসেন। রেললাইন ধরে হাঁটার সময় টঙ্গীগামী ও ঢাকাগামী দুটির ট্রেনের মাঝে ধাক্কা লেগে জহিরুল মাথায় আঘাত পান। স্থানীয়রা জহিরুলের মোবাইল থেকে নম্বর নিয়ে তাঁকে (রায়হান) খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি জহিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক।