রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ও ট্রেনের নিচে কাটা পড়ে দুজন মারা গেছেন। আজ সোমবার সকাল ও গতকাল রোববার রাতে এসব দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার পুলিশ ওই দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম ওরফে বাবুল (৩৭) আজ সকালে তাঁর ছাত্র জুয়েলসহ ঢাকার বিমানবন্দর এলাকায় নামেন। সেখানে তাঁর বমি বমি ভাব হয়। একপর্যায়ে রেললাইনের পাশে বসে পড়েন তিনি। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান।
রেলওয়ে থানার এসআই মো. মতিউর রহমান জানান, তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে খিলগাঁও থানার আমবাগিচা এলাকায় ট্রেনের ধাক্কা খেয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা যান। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর। পরনে ফুলহাতা সাদা শার্ট, নীল সোয়েটার ও সাদা ফুল প্যান্ট ছিল। রেলওয়ে থানার এস আই গোলাম সারওয়ার জানান, তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।