রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক স্থানে গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. মুকুল (৪৫), সালেহা বেগম (৫০) ও মো. বেল্লাল (৫)।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে চারটার দিকে কারওয়ান বাজার শুঁটকি পট্টিসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় শিশু বেল্লাল নিহত হয়। সে পরিবারের সঙ্গে কারওয়ান বাজার রেলগেট বস্তিতে থাকত। এর আগে ট্রেনে কাটা পড়ে সে একটি পা হারিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মালিবাগ বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান মো. মুকুল (৪৫)। তাঁর গ্রামের বাড়ি জামালপুর সদরে। তাঁর বাবা মৃত আবদুস সালাম। প্রায় একই সময়ে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান সালেহা বেগম (৫০)। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় থাকতেন। তাঁর স্বামী রফিকুল ইসলাম মৌচাকে ভ্রাম্যমাণ চায়ের দোকান চালান। সালেহা বাসা থেকে স্বামীর দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে।
মুকুল ও সালেহার মৃত্যুর খবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই ফজলুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন।