রাজধানীতে ট্রেন-কার সংঘর্ষ আহত তিন যাত্রী

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে গতকাল শুক্রবার বিকেলে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের অন্তত তিনযাত্রী আহত হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ক্ষতিগ্রস্ত কারটি থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করেছে। দুর্ঘটনার পর আহত ব্যক্তিরা পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানার পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলক্রসিংয়ের কাছে পৌঁছার সময় যান চলাচল বন্ধ করার জন্য বাঁশের আড় ফেলা হয়। কিন্তু বিপরীত দিক দিয়ে একটি প্রাইভেট কার রেললাইনের ওপর উঠে বিকল হয়ে যায়। এরই মধ্যে ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারের যাত্রীদের পায়ে আঘাত লেগেছে। তবে গাড়িতে থাকা দুজন নারী যাত্রী আহত হয়নি। দুর্ঘটনার পর গাড়ির যাত্রীরা দ্রুত বেরিয়ে চিকিৎসার কথা বলে চলে যায়।
খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তারা গাড়ি থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করে।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে রেলওয়ে থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিরা পালিয়ে গেছে। গাড়ি থেকে উদ্ধার করা পিস্তলটি রেলওয়ে থানায় রাখা হয়েছে। জব্দ গাড়িটি থানা চত্বরে আছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অভিযান) মো. সাইদুর রহমান বলেন, ট্রেন আসার সময় গেটম্যান প্রতিবন্ধক ফেললেও প্রাইভেট কারটি বিপরীত দিক থেকে এসে রেললাইনে উঠে পড়ে এবং গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তিনি মনে করেন, প্রাইভেট কারের চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।