রাজধানীতে ঠিকাদার ও শ্রমিককে গুলি করে হত্যা

রাজধানীর উত্তর বাড্ডায় গতকাল মঙ্গলবার দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একটি নির্মাণকাজের জায়গায় এ হামলা চালিয়ে ঠিকাদার ফারুক হাওলাদার (৩০) ও শ্রমিক মো. মিলনকে (২০) হত্যা করা হয়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মিলনের ভগ্নিপতি আরেক শ্রমিক মো. মাহমুদ।
বাড্ডা থানার পুলিশ কর্মকর্তারা ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তাঁরা বলেছেন, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে ঘটনার তদন্ত চলছে।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও আহত মাহমুদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে উত্তর বাড্ডার ময়নারবাগে একটি নির্মিতব্য বাড়ির জায়গায় মাটি কাটার কাজ করছিলেন মিলন, মাহমুদসহ কয়েকজন শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা অস্ত্রধারী তিন যুবক সেখানে গিয়ে তাঁদের কাজ বন্ধ করতে বলেন। ভয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করার পরপরই একটি বোমার বিস্ফোরণ ঘটান অস্ত্রধারী যুবকেরা। এক যুবক শ্রমিক মাহমুদকে গুলি করেন। তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। ওই যুবক মিলনকে লক্ষ্য করেও পর পর দুটি গুলি করেন। গুলি তাঁর মাথা ও বুকে লাগে। তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। গোলাগুলির শব্দ পেয়ে সেখানে দৌড়ে যান ঠিকাদার ফারুক। অস্ত্রধারীরা দ্রুত ওই স্থান ত্যাগ করার সময় ফারুককে লক্ষ করে গুলি করেন।
চিৎকার ও গোলাগুলির শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। গুলিবিদ্ধ তিনজনকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফারুক ও মিলনকে মৃত ঘোষণা করেন। শ্রমিক মাহমুদকে মুমূর্ষু অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
উত্তর বাড্ডার হোসেন মার্কেটের পাশের গলি দিয়ে কিছু দূর গেলে ময়নারবাগ। সেখানে দুই কাঠার এক টুকরা ফাঁকা জমি হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনাস্থল। ঘটনার পর সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজনের ভিড়। জমিতে পড়ে আছে মাটিভর্তি টুকরি ও শ্রমিকদের ছড়ানো-ছিটানো স্যান্ডেল। জমির মালিক ফারুক হোসেন সেখান থেকে কিছুটা দূরে একটি বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
শাহজাদপুরে গ্রিলের ব্যবসা করা ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে ওই জমিতে একটি পাঁচতলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। গত বুধবার রাতে ‘নীরব’ পরিচয় দিয়ে একজন মুঠোফোনে ফোন করে বাড়ি নির্মাণের জন্য চাঁদা দাবি করেন। ফারুক হোসেন বলেন, তিনি ওই ব্যক্তিকে চায়ের দাওয়াত দিয়ে তাঁর আর্থিক পরিস্থিতি দেখে যেতে বলেন। এরপর এ ব্যাপারে আর কেউ যোগাযোগ করেনি।
বাড্ডা থানার সেকেন্ড অফিসার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, চাঁদা দাবি করে আর কোনো কথাবার্তা ছাড়াই হত্যার বিষয়টি ঠিক স্পষ্ট নয়। এ ছাড়া এ কারণে শ্রমিকদের গুলি করার বিষয়টিরও আপাতত কোনো সূত্র মিলছে না। তার পরও চাঁদা দাবির বিষয়টিকে প্রাধান্য দিয়ে আরও কয়েকটি সম্ভাব্য কারণকে সামনে রেখে তদন্ত চলছে। জমির মালিক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
নিহত মিলনের গ্রামের বাড়ি বরগুনার গাবতলী এলাকায়। তিনি মধ্য বাড্ডার বড় টেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। অন্যদিকে নিহত ঠিকাদার ফারুকের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের রানীপুরে। স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে ময়নারবাগেই থাকতেন তিনি।
নিহত ব্যক্তিদের স্বজনেরা গতকাল সন্ধ্যায় জানান, ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাঁদের লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। লাশ যাঁর যাঁর গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।