রাজধানীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, দুজন গ্রেপ্তার
রাজধানীর দারুস সালাম এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানা পুলিশ জানায়, রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারের বরদেশী এলাকার পাশে তুরাগ নদে গতকাল রাতে পুলিশের সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের গুলিবিনিময় হয়। পরে পালানোর সময় গণপিটুনিতে তাঁদের একজন নিহত হন। পুলিশ এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বরিশালের মুলাদি উপজেলার সলিম উদ্দিন (২৫) ও রাজধানীর দোলাইরপাড়ের রশীদ ফকির (৫৮)।
সাভার মডেল থানা পুলিশ জানায়, ট্রলারে করে এসে একদল লোক বরদেশী বালুর চরের পাশে তুরাগ নদে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ অপর একটি ট্রলারে করে গিয়ে তাঁদের ধাওয়া করে।
পুলিশ আরও জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পুলিশের ট্রলার লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালালে তাঁরা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তারে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান।
পরে তাঁরা সাঁতরে রাজধানীর দারুস সালাম থানার দীপনগর এলাকা দিয়ে তীরে উঠলে জনতা একজনকে ধরে পিটুনি দেন। গণপিটুনির শিকার হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সূত্রপাত সাভার থানা এলাকায় হলেও গণপিটুনির শিকার হয়ে ‘ডাকাত’ মারা গেছে রাজধানীর দারুসসালাম থানা এলাকায়। তাই ওই থানাতেই হত্যা মামলা দায়ের হবে। তবে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর গুলিবর্ষণের অভিযোগে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) এস এম কাউসার আহাম্মেদ বলেন, সাভার থানা পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় দীপনগর এলাকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ডিং পয়েন্টে জনতা একজনকে ধরে পিটুনি দেন। গণপিটুনিতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় পাওয়া না গেলে পুলিশকে বাদী করে হত্যা মামলা দায়ের করা হবে।