রাজধানীতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধারের দাবি
রাজধানীর কলাবাগান এলাকায় গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলবার ও ২২টি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাঈম মাসুদুর রহমান, আশরাফুর রহমান, তানভীর আহমেদ, রাজীব হাসান ও কামাল আহমেদ।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে তিনটার দিকে ৮৮ লেক সার্কাস ভবনের সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার আটক করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, একটি রিভলবার, ২২টি গুলি ও ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেট কারের পাঁচ আরোহীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার ও অস্ত্র আইনে পৃথক চারটি মামলা হয়েছে। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।