রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আইসিডিডিআর,বিতে ডায়রিয়ার প্রকোপ আগের চেয়ে কমেছে। আজ সকালে তোলা ছবি। ছবি: মানসুরা হোসাইন
রাজধানীর আইসিডিডিআর,বিতে ডায়রিয়ার প্রকোপ আগের চেয়ে কমেছে। আজ সকালে তোলা ছবি। ছবি: মানসুরা হোসাইন

এপ্রিল মাসের প্রথম দিকে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ যে মাত্রায় বেড়েছিল, এখন তা কমে এসেছে। গত বছরের তুলনায় এ সময় এখন পর্যন্ত প্রকোপ কমই আছে। 
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) ঢাকা হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ও সেবিকারা এ তথ্য দেন। তবে গরম বাড়লে তখন ডায়রিয়ার প্রকোপ আবার বাড়তে পারে বলে আশঙ্কার কথাও জানান তাঁরা।
আইসিডিডিআর, বির দেওয়া তথ্যমতে, ২০ এপ্রিল ৫৪১ জন, ২১ এপ্রিল ৫৫০ জন ও গতকাল বুধবার ২২ এপ্রিল ৪৪৮ জন রোগী ভর্তি ছিল। মাসের দ্বিতীয় সপ্তাহে দিনে ৮০০ জন পর্যন্ত রোগী ভর্তি হয়। আইসিডিডিআর, বি প্রাঙ্গণে এখন পর্যন্ত একটি বড় ও একটি ছোটসহ মোট দুইটি তাঁবু রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পরিস্থিতি মোটামুটি একই রকম থাকলে একটি তাঁবু খুলে ফেলা হবে।
চিকিৎসা কর্মকর্তারা জানান, ডায়রিয়ার প্রকোপ বাড়ে বছরের মার্চ ও এপ্রিল মাসে। গত বছর এপ্রিলে এ সময় দিনে গড়ে ৬০০ জনের বেশি রোগী ভর্তি ছিল। আগে মিরপুর থেকে বেশি রোগী এলেও বর্তমানে যাত্রাবাড়ী, বাড্ডা, লালবাগ, তেজগাঁও, মোহাম্মদপুর, সবুজবাগ, কদমতলী, গুলশান, রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে রোগী আসছে। এসব রোগীর ৬০ ভাগই শিশু। তবে হাসপাতাল ঘুরে দেখা গেল, তাঁবুতে বড়দের সংখ্যাও কম না।
ঢাকা হাসপাতালের ইনচার্জ (আপাতত দায়িত্বে থাকা) চিকিৎসা কর্মকর্তা নূর হক আলম প্রথম আলোকে বলেন, ডায়রিয়ার প্রকোপ কমছে। তবে এই সময়ে সবাইকে বাড়তি কিছু সতর্কতা মেনে চলতে হবে। পানি ফুটিয়ে খেতে পারলে ভালো। খাবার হয়তো খুব স্বাস্থ্যকর, কিন্তু খাওয়ার আগে হাত না ধুলে কোনো লাভ হবে না। টয়লেটে যাওয়ার পর, বিশেষ করে শিশুরা সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করছে কি না, তা দেখতে হবে।
নূর হক আলম বলেন, ডায়রিয়া হলে বেশি করে খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন খাওয়ার পরও ঘনঘন বমি হলে, প্রস্রাব না হলে এবং দুর্বল হয়ে পড়লে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তাদের চোখ ভেতরের দিকে বসে গেছে কি না। শিশু হাসিখুশি না থাকলে, খেলাধুলা না করলে এবং দুর্বল হয়ে গেলে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে।