রাজধানীতে ডায়রিয়ার রোগী বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত সাত দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) প্রতিদিন গড়ে এক হাজার রোগী ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমের সঙ্গে বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বৃষ্টি না হওয়া পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে—এমন আশঙ্কা করছেন কেন্দ্রের বিশেষজ্ঞরা। গতকাল শনিবার আইসিডিডিআরবিতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৭২৭ জন রোগী ভর্তি হয়। শুক্রবার ভর্তি হয়েছিল এক হাজার তিনজন। রোগীর চাপ সামাল দিতে আইসিডিডিআরবি কর্তৃপক্ষ গাড়ি রাখার স্থানে তাঁবু টাঙিয়ে রোগীর চিকিৎসার আয়োজন করেছিল সপ্তাহ দুয়েক আগেই। গতকাল দেখা গেছে, হাসপাতালে ঢোকার মুখে হাঁটাচলার রাস্তাতেও শয্যা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিতে করে রোগী হাসপাতালে আনা হচ্ছে। গত কয়েক দিনের হিসাবে দেখা যায়, প্রতি ঘণ্টায় ৪০ জন রোগী আসছে রাজধানী বা রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে। প্রতিষ্ঠানের মিরপুর শাখাতেও দিনে ৮০ থেকে ১০০ জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, রামপুরা, শেওড়াপাড়া, সবুজবাগ, মহাখালী, ডেমরা, যাত্রাবাড়ী থেকে বেশি রোগী আসছে। তা ছাড়া ঢাকার বাইরে মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, সাভার থেকেও রোগী আসছে। হাসপাতালের চিকিৎসক ও সহকারী স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ৪০ শতাংশ রোগী তীব্র ডায়রিয়ায় ভুগছে। যত রোগী আসছে তাদের ৪৫ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে। গতকাল বেলা একটায় হাসপাতালে ভর্তি হয় রাজধানীর মোহাম্মদপুরের ছয় বছরের শিশু সজীব। মা আছমা আক্তার প্রথম আলোকে বলেন, আগের দিন রাতে বারবার বমি ও ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছিল সজীবের। হাসপাতালে আসার পরপরই স্বাস্থ্যকর্মীরা সজীবের শিরায় স্যালাইন লাগিয়ে দেন। তাকে এক ঘণ্টায় দুটো স্যালাইন দেওয়া হয়। হাসপাতালের শর্ট স্টে ইউনিটের প্রধান আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরও এই সময়ে রোগীর সংখ্যা বেশি ছিল। দু-এক দিন হাজার ছাড়িয়ে যায়। কিন্তু এ বছর বেশি রোগীর চাপ দীর্ঘস্থায়ী হচ্ছে। হাসপাতালের লঙ্গার স্টে ইউনিটের প্রধান শাহাদাত হোসেন বলেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে, মার্চের শেষ থেকে মে মাসের প্রথম দিকে একবার ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। দ্বিতীয়বার দেখা দেয় জুলাইয়ের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। তিনি বলেন, বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। আইসিডিডিআরবির চিকিৎসকেরা বলেছেন, দিনে তিনবারের বেশি এবং পরিমাণে স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা পায়খানা হলে রোগীকে স্যালাইন খাওয়াতে হবে। সব অবস্থায় বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে পানি ফুটিয়ে পান করানো অথবা পানি বিশুদ্ধকরণ বড়ি ব্যবহার করতে হবে। ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। পরিস্থিতি খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।