রাজধানীতে ঢিলেঢালা, দেশজুড়ে তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের পিটুনিতে আহত যাত্রী মাসুদ আলী। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। ছবি: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ
জামায়াত-শিবিরের পিটুনিতে আহত যাত্রী মাসুদ আলী। সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান। ছবি: এনামুল হক খোকন, সিরাজগঞ্জ

৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সারা দেশে আজ বৃহস্পতিবারও তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। ঘটেছে সহিংসতার ঘটনা। তবে গতকালের হরতালের মতো আজও রাজধানীতে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড ছিল অনেকটা ঢিলেঢালা।

হরতালে সিরাজগঞ্জে আজ জামায়াত শিবিরের বেধড়ক পিটুনিতে মারা গেছেন সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী। মেহেরপুরের মুজিবনগরে পুলিশের এক কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে নিহত হন জামায়াতের এক কর্মী। গাজীপুরে যাত্রীবেশে উঠে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। আগুনে পুড়ে গেছেন ওই বাসের চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুরান ঢাকা, চট্টগ্রামের সীতাকুণ্ড, বরিশাল, সিলেট, মাদারটেকসহ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আমাদের প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর।

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের পিটুনিতে যাত্রী নিহত
দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা হাটিকুমরুল গোলচত্বর থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার দিকে যাচ্ছিল। চণ্ডীদাসগাতি এলাকায় অটোরিকশাটি পৌঁছানোর পর হরতালের সমর্থক জামায়াত-শিবিরের কর্মীরা সেটি লক্ষ্য করে ঢিল ছোড়েন। তাঁরা যাত্রীবাহী ওই অটোরিকশায় লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার এক পাশে পড়ে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা এ সময় অটোরিকশাটিতে ভাঙচুর চালান ও যাত্রীদের পেটাতে থাকেন। তাঁদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন দুই যাত্রী মাসুদ আলম ও শাহ আলম। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান। পুলিশ গুরুতর আহত দুই যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মাসুদ আলম মারা যান। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হরতালের সমর্থক জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। 

আজ ভোর ছয়টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাশেম মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে গুলি, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে।

মেহেরপুরে ব্যাপক সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত

মেহেরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিল প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, জামায়াত-শিবিরের কর্মীরা আজ সকাল আটটার দিকে গাছের গুঁড়ি ফেলে মুজিবনগরের গৌরীনগর সড়কের খাল মোড় অবরোধ করেন। ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে তাঁরা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল মান্নানকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁদের ছোড়া ইটের আঘাতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ পুলিশের চারজন সদস্য আহত হন। আত্মরক্ষার্থে তখন পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাজউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৩২), দারিয়াপুর গ্রামের শোয়েব আলীর ছেলে দেলোয়ার হোসেনসহ (৩৪) জামায়াতের পাঁচজন কর্মী আহত হন। আহত দেলোয়ারকে মেহেরপুর থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হরতালে হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল জলিল বলেন, সীমিত জনবল নিয়ে অবরোধকারীদের বিরুদ্ধে পুলিশের এগিয়ে যাওয়া ঠিক হয়নি। নিহত ব্যক্তি জামায়াতের কর্মী বলে জানা গেছে।  মেহেরপুরের পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ সকাল আটটার দিকে মুজিবনগর বন্দর গ্রামে জামায়াতের কর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের ওপর বিক্ষোভ করতে থাকেন। অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। পুলিশ পিছু হটলে জামায়াতের কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে জামায়াতের একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে করায় পুড়ে গেছেন ওই বাসের চালক নজরুল ইসলাম। ছবিটি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: ইউসুফ সাদ, ঢাকা
জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে করায় পুড়ে গেছেন ওই বাসের চালক নজরুল ইসলাম। ছবিটি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে তোলা। ছবি: ইউসুফ সাদ, ঢাকা

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে গেছেন চালক

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর শহর থেকে সকাল নয়টার দিকে ভিআইপি-২৭ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী সেজে ওই বাসে ওঠেন। তাঁরা শিবিরের কর্মী বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ ধারণা করছে। বাসটি ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছালে তাঁরা বাসে কেরোসিন ও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় প্রথমে চালকের আসনে আগুন লাগে। সেখান থেকে  চালকের শরীরে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় চালক বাসটি থামিয়ে দৌড়ে বেরিয়ে যান। আশপাশের লোকজন তাঁর শরীরের আগুন নেভান। অগ্নিসংযোগের পর বাস থেকে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সিলেটে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে সিলেট নগরের পশ্চিম সুবিদ বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সুবিদ বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। পুলিশের একটি টহল দল মিছিলের দিকে এগিয়ে যায়। শিবিরের কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করেন। পুলিশের ব্যবহূত কয়েকটি হেলমেট ও গুলিরোধী জ্যাকেট ছিনিয়ে নেন শিবিরের কর্মীরা। তাঁরা পুলিশ বহনকারী একটি হিউম্যান হলার (লেগুনা) ভাঙচুর করেন।

এ ঘটনার পর হরতালে নাশকতা ঠেকাতে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরাও টহল দিচ্ছেন।

পুরান ঢাকায় পুলিশের সঙ্গে শিবিরের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার বাংলাবাজার মোড় এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে ১০-১৫ জন নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল মিছিল বের করেন। মিছিলটি লালকুঠি এলাকায় যাওয়ার সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। পরে শিবিরের কর্মীরা চারটি ককটেলের  বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে সকাল ১০টার দিকে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের কর্মীরা। মিছিলটি নারিন্দা এলাকায় যাওয়ার সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিবিরের কর্মীরা সড়কে আগুন জ্বালানোর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাবাজার এলাকায় ককটেলের বিস্ফোরণের ঘটেনি। আর ধোলাইখাল এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেন তিনি।
সীতাকুণ্ডে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর

দুপুর সাড়ে ১২টার হরতালের সমর্থনে সীতাকুণ্ড পৌর সদরে জামায়াত-শিবিরের কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। তাঁরা চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। বেলা তিনটার দিকে কুমিরা এলাকায় ১০টি এবং মিরেরহাট বটতল এলাকায় পাঁচটি কাভার্ডভ্যান ও ট্রাক ভাঙচুর করে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশালে বাস ডিপোতে আগুন

ভোরে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে সিঅ্যান্ডবি রোডে সিটি বাসের ডিপোতে আগুন দেন। এতে দুটি বাস পুরোপুরি এবং আরেকটি বাস আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে ও ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। বরিশাল ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।