রাজধানীতে ঢিলেঢালা হরতাল, পুলিশের গুলিভর্তি পিস্তল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া গতকাল সোমবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালে নর্দ্দা এলাকায় ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে মারধর করে তাঁর গুলিভর্তি সরকারি পিস্তল ছিনিয়ে নেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
এ ছাড়া হরতালের সমর্থকেরা বিভিন্ন স্থানে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়। যাত্রাবাড়ীর ধলপুরে সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।
সকাল থেকেই নগরে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, কিছু বাস ও হিউম্যান হলার চলাচল করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাস-মিনিবাসের সংখ্যা বেড়েছে। প্রধান প্রধান সড়কে অনেক ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস চলতে দেখা গেছে। রাজধানীর আশপাশের গন্তব্যে কিছু বাস চললেও দূরপাল্লার বাস চলাচল করেনি। বাংলাদেশ রেলওয়ে জানায়, গতকাল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বড় বিপণিবিতানগুলো দুপুর পর্যন্ত বন্ধ থাকলেও রাস্তার পাশের দোকানপাট খোলা ছিল, অর্থাৎ দুপুরের পর অনেক এলাকার পরিস্থিতি ছিল অন্য দিনগুলোর মতোই।
হরতালে এবং জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর নাশকতা হতে পারে, এমন আশঙ্কায় রাজধানীজুড়ে ছিল ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যেই সকাল সাতটার দিকে নর্দ্দার বসুন্ধরা এলাকায় শহীদ আবদুল আজিজ সড়কে এসআই আমিনুলের ওপর চড়াও হয়ে তাঁর সরকারি অস্ত্র ছিনিয়ে নেন শিবিরের কর্মীরা।
আহত আমিনুলকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল নর্দ্দায় দায়িত্ব পালন করছিল। সকাল সাতটার দিকে শহীদ আবদুল আজিজ সড়ক থেকে ছাত্রশিবিরের ২০-৩০ জন কর্মী মিছিল নিয়ে প্রগতি সরণিতে উঠে যানবাহন ভাঙচুর শুরু করেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে মিছিল থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে তিনি তাঁদের ধাওয়া করে আবদুল আজিজ সড়কে ঢুকে পড়েন। সেখানে শিবিরের কর্মীরা তাঁকে হঠাৎ ঘিরে ফেলে বেধড়ক মারধর করেন। তাঁদের কেউ তাঁর কোমর থেকে গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নেন।
গত রোববার পল্টনে পুলিশের দুই সদস্যকে মারধর ও পুলিশ বহনকারী মাইক্রোবাস জ্বালিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। গত বছরের নভেম্বর থেকেই পুলিশের ওপর চড়াও হচ্ছে জামায়াত-শিবির।
গতকাল ভোর সাড়ে চারটার দিকে শাজাহানপুরে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। হরতালকারীরা সকাল সোয়া ছয়টার দিকে মিরপুরে দুটি লেগুনায় অগ্নিসংযোগ এবং ঢিল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাঙেন। পুলিশের ধাওয়ায় কয়েকটি ককটেল ফাটিয়ে তাঁরা পালিয়ে যান। তবে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে লেগুনার আগুন নিভিয়ে ফেলে।
সকাল ছয়টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে শিবিরের ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। জুরাইন রেলগেটে তুলায় আগুন ধরিয়ে ট্রেন চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করেন হরতালকারীরা। পুলিশ ধাওয়া করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে ধলপুরের ইসলামিয়া হাসপাতালের সামনে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। ওই ছররা গুলিতে সেখানে খবর সংগ্রহে যাওয়া কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হন। তাঁদের মধ্যে এনটিভির জ্যেষ্ঠ ক্যামেরাপারসন হেলাল আহমেদকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশের গুলিতে নয়, হরতালকারীদের নিক্ষিপ্ত ককটেলের স্প্লিন্টারে গণমাধ্যমকর্মীরা আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, গোলাম আযমের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হওয়ার পর বেলা আড়াইটার দিকে ধোলাইখাল মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির মিছিল বের করে। মিছিলটি রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শিবিরের তিন কর্মী আহত হন। পরে শিবিরের কর্মীরা ধোলাইখাল এলাকায় রাখা প্রায় ২৫টি ট্রাকের কাচ ভাঙচুর করেন ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সকাল ১০টার দিকে রায়সাহেব বাজার মোড় এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রশিবির।