কাল মঙ্গলবার আবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এবার হরতাল ডেকেছে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করার প্রতিবাদে।
একই অপরাধে দলের আরেক নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জামায়াত। এরপর সন্ধ্যায় এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান মঙ্গলবারের হরতাল কর্মসূচির ঘোষণা দেন।
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া গতকাল রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ঢিলেঢালা হরতাল পালিত হয়। হরতালের কারণে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। মানুষের ব্যক্তিগত গাড়িও রাস্তায় কম ছিল। এটা বাদ দিলে রাজধানীতে জনজীবন প্রায় স্বাভাবিক ছিল। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। সকালের দিকে রাস্তায় যান চলাচল কম থাকলেও দুপুরের পর বাস, সিএনজিচালিত অটোরিকশার চলাচল বাড়তে থাকে।
হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীতে তিনটি যানবাহনে আগুন দেওয়া এবং কয়েকটি এলাকায় আট-দশজনের বিক্ষিপ্ত মিছিল করা ছাড়া হরতালে জামায়াত-শিবিরের কর্মীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। বরং হরতালের বিরুদ্ধে রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, কমলাপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে। দুপুর ১২টার দিকে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চও হরতালের বিপক্ষে একটি মিছিল বের করে। মিছিলটি হোটেল রূপসী বাংলার মোড় ঘুরে টিএসসি চত্বর হয়ে আবার শাহবাগ মোড়ে প্রজন্ম চত্বরে গিয়ে শেষ হয়।
হরতালে নাশকতা ঠেকাতে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পুলিশ ও র্যাব ছিল। সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করা হয়। অনেক অলিগলির মুখেও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে রাজধানীর মীরহাজিরবাগ এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন ছাত্রশিবিরের কর্মীরা। এর পরই শিবিরের কর্মী সন্দেহে পুলিশ দুজনকে আটক করে। বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের বিপরীত দিকের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও সহকারীকে আটক করে পুলিশ।
এর আগে সকাল নয়টায় দয়াগঞ্জ মোড়ে একটি লেগুনায় আগুন দেয় হরতালের সমর্থকেরা। আটটার পর জুরাইনের হাশেম রোডে হরতালের সমর্থকেরা একটি মিনিবাসে ভাঙচুর করে।
সকাল সাড়ে ছয়টার শনির আখড়া ছাপড়া মসজিদের সামনে ছাত্রশিবির মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময়ে মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে এবং রেলপথ আটকে দেওয়ার চেষ্টা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। রামপুরার বনশ্রী এলাকায়, আদাবরের মিনাবাজারের সামনে ও পেট্রলপাম্প এলাকায় শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মীরা হরতালের সমর্থনে রায়সাহেব বাজার মোড়ে ঝটিকা মিছিল বের করেন। এক ঘণ্টা পর তাঁরা ধোলাইখাল এলাকায় আরেকটি মিছিল করে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলা দায়রা জজ আদালতের সামনের সড়কে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
সকালে বাঙলা কলেজের সামনে থেকে শিবিরের আট-নয়জন কর্মী একটি মিছিল বের করেন। তাঁরা দুটি ককটেল ফাটান। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে আবার পালিয়ে যান।