রাজধানীতে তরুণের লাশ উদ্ধার
রাজধানীর রূপনগরে নিজের বাসা থেকে গতকাল শুক্রবার সামিউল কবির (৩১) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ–জনিত কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সামিউলের মামা সাঈদ কবির জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন সামিউল। তাঁর মা হামিদা বেগম স্কুলশিক্ষক। বুধবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান সামিউল। বৃহস্পতিবার সকালে তাঁর মা বাসার বাইরে যান। দুপুরে তাঁর ছোট ভাই শাফিউল কবিরও শ্বশুরবাড়ি যান। এরপর থেকে সামিউল একাই বাসায় ছিলেন। গতকাল সকালে গৃহকর্মী বিকল্প চাবি দিয়ে বাসায় ঢোকেন। তিনি সামিউলকে পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। চিকিৎসকদের বক্তব্যের ভিত্তিতে স্বজনদের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেইন স্ট্রোক) তাঁর মৃত্যু হয়েছে।
রূপনগর থানার ওসি রেজাউল হাসান বলেন, সামিউলের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নাকে-মুখে রক্তের দাগ ছিল। মৃতদেহ ফুলে গেছে ও ডান হাতে ফোসকা পড়েছে। সম্ভবত বুধবার রাতেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। এ ঘটনায় জিডি করা হয়েছে।