রাজধানীতে তিন দিনব্যাপী গিদরী বাউলির প্রদর্শনী

রাজধানীতে গিদরী বাউলি ফাউন্ডেশনের উদ্যোগে প্রদর্শিত হতে যাচ্ছে শিল্পকর্ম। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হবে কাল শনিবার বিকেল পাঁচটায়। ধানমন্ডির ইএমকে সেন্টারে এ প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
গিদরী বাউলির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রদর্শনীতে আলোকচিত্র, ভিডিও, দৃশ্যশিল্প ও পারফরম্যান্স আর্ট থাকছে।

প্রদর্শনী সম্পর্কে গিদরী বাউলির কর্ণধার কামরুজ্জামান স্বাধীন প্রথম আলোকে বলেন, ২৩ থেকে ৩০ জুন ঠাকুরগাঁওয়ের বালিয়া গ্রামে একটি প্রদর্শনী হয়। যেখানে ঢাকা থেকে পেশাদার শিল্পীরা সেখানকার স্থানীয় শিল্পীদের নিয়ে দৃশ্যশিল্পসহ নানা শিল্পের উপস্থাপন করেন। ঢাকার এই প্রদর্শনীতে মূলত সেসব শিল্পকর্মেরই অনুকরণ ও তথ্যচিত্র সাজানো হয়েছে।
৩০ জুলাই শেষ হতে যাওয়া এই প্রদর্শনীর শিরোনাম করা হয়েছে ‘হামরা’। এই প্রদর্শনীজুড়ে থাকছে, গ্রামীণ জীবনযাত্রার নানা দিক।

কামরুজ্জামান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে বিকেল পাঁচটায় থাকছে পুতুলনাচ। এ পুতুলনাচ পরিচালনা করবে ঠাকুরগাঁওয়ের বালিয়া গ্রামের একদল শিশু। জুনের প্রদর্শনীতে অংশ নেওয়া শ খানেক শিশুদের মধ্য থেকে এ দলটিকে বাছাই করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন মাহবুবুর রহমান, কাজী সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান স্বাধীন, খন্দকার নাসির আহমেদ, সায়েদ মুহাম্মাদ জাকির, আজমিন আজাদ কথা, সাইফুল জার্নাল, শাহরিয়ার শাওন, রায়হান আহমেদ রাফি, লাভলি মুরমু, শান্ত বর্মণ, সোমারু বর্মণ, গোপিন টুডু ও শরিফুল ইসলাম।

কামরুজ্জামান স্বাধীন বলেন, এই শিল্পীদের সঙ্গে বালিয়ার স্থানীয় কিছু শিল্পীর শিল্পকর্ম ঢাকার প্রদর্শনীতে দর্শকেরা উপভোগ করতে পারবেন।