নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় রাজধানীতে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য মনিটরিং টিম।গতকাল শুক্রবার রাজধানীর কাপ্তান বাজার ও মতিঝিলের এজিবি কলোনি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল ও স্থিতিশীল রাখা, ভেজাল প্রতিরোধ করা এবং সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে ধার্যকৃত কিছু পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য যেমন: প্রতি কেজি চিনি ৪৭ টাকা, সয়াবিন তেল-৮০, পাম সুপার ৭৬, পাম তেল ৭৩ টাকা মূল্যে বিক্রয় হচ্ছে কি না, তা তদারকি করার লক্ষ্যে ওই অভিযান চালানো হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রণব কুমার ঘোষ এবং উপসচিব মো. মোকাব্বির হোসেন অভিযানে নেতৃত্ব দেন। ওই অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্যরা ছাড়াও জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।