রাজধানীর মিরপুর ১ নম্বরে কাপড়ে ছাপ দেওয়ার একটি কারখানায় রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কারখানার হিসাবরক্ষক ছিলেন। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ছাড়া আরও দুটি হত্যার ঘটনা ঘটেছে।
মিরপুর ১ নম্বরে হত্যাকাণ্ড নিয়ে কারখানার কর্মী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে শাহ আলী কাঁচাবাজারের উল্টো দিকে ১৯৫, দক্ষিণ বিশিলের সারাফাত ভবনের দোতলায় সারাহ প্রিন্ট কারখানায় কর্মীরা কাজ করতে যান। তাঁরা কারখানার প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। এরপর কর্মীরা তালা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে ছোপ ছোপ রক্ত দেখতে পান। এর পাশের একটি কক্ষে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রফিকুল ওই কক্ষে থাকতেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবার রাতে রফিকুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। কারখানার মালিক শাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও দুটি হত্যা: গতকাল সকালে পুলিশ রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৩/এ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির পাশের একটি গর্ত থেকে অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, বস্তা খোলার পর ওই কিশোরীর লাশ বেরিয়ে আসে। তার গলা ও কনুইয়ে আঘাতের চিহ্ন আছে।
আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে গুলশান থানার কালাচাঁদপুরে। সন্ধ্যায় পুলিশ কালাচাঁদপুরে একটি ভবনের ছয়তলার সিঁড়ি থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর গলায় আঘাত ও থুতনিতে ছুরিকাঘাতের চিহ্ন আছে।
চারটি অস্বাভাবিক মৃত্যু: গতকাল রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায়, একজন বাড়ির ছাদ থেকে পড়ে এবং আরেকজন গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। এ ছাড়া আবাসিক হোটেল থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।