রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গতকাল শুক্রবার তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় এবং একজন বিষক্রিয়াজনিত কারণে মারা গেছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে সড়কের পাশে থাকা একটি বাসের সঙ্গে পানিবাহী পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানের চালকের সহকারী মো. রাজন (২৫) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজনের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি এলাকায়। তাঁর বাবার নাম আবুল হাশেম।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সকাল ছয়টার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার সড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠান থানার এসআই তকমিরুদ্দিন। তিনি জানান, ওই নারী রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় নিহত হন। তাঁর লাশ সড়কে পড়ে ছিল। পরে আরও কয়েকটি গাড়ির চাপায় তাঁর শরীর পিষ্ট হয়। ওই নারীর পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে রামপুরার ওয়াপদা রোড এলাকায় সকালে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন ।