রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক তিনটি ঘটনায় অজ্ঞাত ৩৫ বছরের এক ব্যক্তিসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তি খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
নিহত অন্য দুজন হলেন ইউসুফ আলী (১৯) ও মজিবর রহমান (৫৫)। এঁদের মধ্যে নির্মাণশ্রমিক ইউসুফ আলী ভাষানটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান। আর কামরাঙ্গীরচর এলাকায় বিষপানে মৃত্যু হয়েছে ব্যবসায়ী মজিবর রহমানের।
লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত নয়টার দিকে খিলক্ষেত-ক্যান্টনমেন্ট রেললাইনের মাঝামাঝি স্থানে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরনে ছিল লাল শার্ট ও খয়েরি রঙের ফুল প্যান্ট। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এদিকে রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের ভাষানটেক এলাকায় নির্মাণাধীন একটি ১১তলা ভবন থেকে পড়ে ইউসুফ আলী নামে এক শ্রমিক মারা গেছেন। সকাল সাড়ে নয়টার দিকে এলাকার ২০৩ নম্বর দেওয়ানপাড়ায় এ ঘটনা ঘটে। ইউসুফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকায়।
ইউসুফের সহকর্মী জহিরুল ইসলাম বলেন, সকালে ১১তলা ওই ভবনটির ছয় তলায় বাঁশের মাচার ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন ইউসুফ। হঠাৎ পা ফসকে ভবনের দোতলায় পড়ে যান তিনি। সেখান থেকে সহকর্মীরা ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা দুইটায় তিনি মারা যান।
কামরাঙ্গীরচর এলাকায় মজিবর রহমান নামে এক ব্যবসায়ী বিষ পান করে মারা গেছেন। মজিবরের বড় ছেলে সাব্বির হোসেনের দাবি, তাঁর বাবা আলীনগরে নিজের বাসায় আত্মহত্যা করেছেন।
সাব্বির হোসেন বলেন, তাঁর বাবা লালবাগ এলাকায় প্লাস্টিকের পণ্যের ব্যবসা করেন। কয়েক মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে মজিবরের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী সুলতানা বেগমের প্রায়ই বিবাদ হতো। গতকাল দুপুর ১২টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে সুলতানা বাসা থেকে বেরিয়ে যান। এরপর ঘরে ঢুকে বিষ পান করেন মজিবর। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেলা দুইটার দিকে মজিবর মারা যান।