রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল মঙ্গলবার শিশুসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু, বাড়ির ছাদ থেকে পড়ে একজন ও পাইলিংয়ের যন্ত্রের আঘাতে আরেকজন মারা যায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারানো শিশু আরাফাত হোসেন মা-বাবার সঙ্গে কামরাঙ্গীরচরের আলীনগরে থাকত। গতকাল বেলা ১১টার দিকে সে বাসার পাশে খেলা করছিল। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত লাগামাত্র আরাফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়।
শিশুটির খালা তানজিলা আক্তার প্রথম আলোকে বলেন, অজ্ঞান অবস্থায় আরাফাতকে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুঁটিটি কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল বলে তাঁরা ধারণা করছেন।
আরাফাতের বাবার নাম আলমগীর হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গতকাল দুপুরে রূপনগর আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলার ছাদে কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে নির্মাণশ্রমিক মনির হোসেন (১৭) আহত হয়। সংকটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনির হোসেনের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার রাজীবপুরে। তার বাবার নাম শহীদ মিয়া।
বাচ্চু মিয়া আরও জানান, গতকাল দুপুরে রায়েরবাজার বেড়িবাঁধসংলগ্ন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে কয়েকজন শ্রমিক ট্রাকে পাইলিংয়ের যন্ত্র ওঠাচ্ছিলেন। এ সময় পাইলিংয়ের একটি যন্ত্রাংশ ট্রাক থেকে শ্রমিক জহিরুল ইসলামের (২৪) ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জহিরুলের বাড়ি নীলফামারীর ডোমারে।