রাজধানীতে তিনটি লাশ উদ্ধার
রাজধানীর উত্তরা ও সবুজবাগ থানা এলাকায় পৃথক ঘটনায় গতকাল সোমবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সবুজবাগে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল সন্ধ্যায় মদিনাবাগ খালপাড় থেকে তুরাগ পরিবহন বাসের হেল্পার পাপ্পুর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া বিকেলে উত্তরা থেকে আসমা খাতুন নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।সবুজবাগ থানার পুলিশ জানায়, পাপ্পুু ১০ দিন আগে বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ খালপাড়ে ফেলে রাখা হয়েছে। উত্তরার ৪ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির খায়রুল এনামের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আসমার লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে পাওয়া যায়। এক বছর ধরে তিনি ওই বাসায় কাজ করছিলেন। গৃহকর্তা খায়রুল পুলিশকে জানিয়েছেন, নিহত আসমার স্বামী মনির হোসেন দেড় বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এর পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। এদিকে সবুজবাগের বালুর মাঠ এলাকার একটি কাশবন থেকে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।