রাজধানীতে তৈরি হচ্ছে প্রথম বাস র্যা পিড ট্রানজিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে একটি বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) নির্মাণে চীনা প্রতিষ্ঠান চায়না গেজৌবা গ্রুপের সঙ্গে চুক্তি করল সড়ক ও জনপথ অধিপ্তর। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিশেষ সড়কটির দৈর্ঘ্য হবে ২০ দশমিক ৫ কিলোমিটার। এর ১৬ কিলোমিটার হবে ভূতলে এবং সাড়ে চার কিলোমিটার হবে উড়ালসড়ক।
বাসে দ্রুত চলাচলের জন্য একধরনের বিশেষায়িত সড়ক ব্যবস্থা হলো বিআরটি। দেশে প্রথমবারের মতো হতে যাওয়া এই বিআরটিতে শুধু আর্টিকুলেটেড বাস চলবে। অন্য কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি চলবে না। শুরুতে এক শ টি বাস নামানো হবে। মহাসড়কের মাঝ বরাবর দুটি পৃথক লেনে চলবে এসব বাস। প্রতি ঘণ্টায় উভয় দিকে ২৫ হাজার যাত্রী পরিবহনসক্ষমতা থাকবে এই রুটের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। এতে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও চীন গেজৌবা গ্রুপের এশিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক ঝাং তাইবাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, পুরো প্রকল্পটিতে প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা ব্যয় হবে। সরকারের পাশাপাশি এতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি। আগামী ৩০ মাসে এটির নির্মাণ শেষ হবে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহ জানান, বিআরটিতে থাকবে ২৫টি স্টেশন, দুটি টার্মিনাল, ছয়টি ফ্লাইওভার, আট লেনবিশিষ্ট টঙ্গী সেতু, আটটি কাঁচাবাজার, ৩২ কিলোমিটার ফুটপাত এবং গাজীপুরে একটি বাস ডিপো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান, নাইমুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্মাণ প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার ব্যবসায়িক প্রতিনিধি লুইও জিয়ানফেং, মহাব্যবস্থাপক হু কিলি প্রমুখ।