রাজধানীতে দিনদুপুরে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল সোমবার দিনদুপুরে ব্যস্ত সড়কে এক দোকানকর্মীকে গুলি করে ১০ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া পৃথক ঘটনায় গুলিস্তান এলাকায় একজন স্কুলশিক্ষকের টাকা ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে এক ছিনতাইকারী ধরা পড়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের আবুল খায়ের ট্রেডার্স নামের একটি দোকানের কর্মী আবুল হোসেন গতকাল দুপুরে ১০ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পাশের একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দোকানমালিকের আত্মীয় আসেদ আলীসহ আরেকজন কর্মচারী। স্থানীয় একটি রোগনির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) সামনে পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আবুল হোসেনের হাতে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিলে ছিনতাইকারীদের একজন তাঁর ডান পায়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ আবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে বেলা সাড়ে ১১টায় গুলিস্তানের খদ্দর মার্কেটের সামনে স্কুলশিক্ষক বিনয়কৃষ্ণ বড়ালের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন ওই ছিনতাইকারীকে আটক করেছে। পল্টন থানার পুলিশ জানায়, বিনয়কৃষ্ণ সঞ্চয়পত্র কেনার জন্য তাঁর গেন্ডারিয়ার বাসা থেকে মতিঝিলে আসছিলেন। খদ্দর মার্কেট পার হওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে এক লাখ টাকা কেড়ে নেয়। বিনয়কৃষ্ণ এ সময় এক ছিনতাইকারীকে জাপটে ধরে সাহায্যের জন্য চিৎকার করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ছিনতাইকারীর নাম কামাল হোসেন। গ্রেপ্তারের সময় তার কাছে ছিনিয়ে নেওয়া টাকা পাওয়া গেছে।