রাজধানীতে দিনদুপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার আলমবাগ মদিনা মসজিদ এলাকায় একটি বাসায় র‌্যাবের অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তিরা অপহরণকারী ছিলেন।

নিহত দুই ব্যক্তির নাম মোহাম্মদ ওয়াসিম (৫০) ও সংগ্রাম চৌধুরী (৪৫)। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক সহদেব রাজবংশী তাঁদের মৃত ঘোষণা করেছেন। তাঁরা আগেই মারা গেছেন বলে জানিয়েছেন ওই চিকিত্সক।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে কদমতলীর একটি বাসায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের তিনজন সদস্য ও দুজন ‘অপহরণকারী’ আহত হন। পরে ‘অপহরণকারীরা’ মারা যান। ঘটনাস্থল থেকে অপহূত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব দাবি করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কোথায় আছে, তা-ও জানা যায়নি।
এ ব্যাপারে নিহত সংগ্রাম চৌধুরীর স্ত্রী সায়মা চৌধুরী বলেন, ‘গতকাল রোববার রাতে আমার স্বামী কাজে বের হয়েছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত তিনি বাসায় ফিরে আসেননি। পরে জানতে পারি তিনি মারা গেছেন।’