রাজধানীতে দিনভর বৃষ্টি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ধানমন্ডির ২৭ নম্বর সড়ক, আড়ং মোড়ে জলাবদ্ধতার কারণে দিনভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ গতকাল সকালে ​তোলা ছবি l সাবিনা ​ইয়াসমিন
টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ধানমন্ডির ২৭ নম্বর সড়ক, আড়ং মোড়ে জলাবদ্ধতার কারণে দিনভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷ গতকাল সকালে ​তোলা ছবি l সাবিনা ​ইয়াসমিন

দিনভর থেমে থেমে বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো টিপটিপ। কোথাও জমেছে হাঁটুপানি, কোথাওবা কোমরসমান পানি। এই ছিল গতকাল বুধবার রাজধানীর চিত্র। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত রাজধানীতে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন ঈদের বাজার করতে আসা মানুষের ভোগান্তি হয়েছে, তেমনি ঘরমুখী মানুষও দুর্ভোগের শিকার হয়েছেন।
বসুন্ধরা সিটির পেছনে গার্ডেন রোডে জমেছিল কোমরসমান পানি। যাঁরা এই পথ দিয়ে গেছেন, তাঁরাই ভোগান্তির শিকার হয়েছেন। ঈদের বাজার করতে এই পথে এসেছিলেন মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা মাহফুজুর রহমান। তিনি জানান, ‘ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলাম। এখনে এসে দেখি অনেক পানি। পানি পার হতে কাপড় ভিজে গেছে।’
দুপুর ১২টার দিকে পান্থপথ থেকে গ্রিন রোডে যাওয়ার সময় দেখা গেছে, এই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুপানি। ধানমন্ডির বাসিন্দা জীবন কুমার জানান, ‘একটু বেশি বৃষ্টি হলেই এই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে। পানির কারণে রিকশাওয়ালারাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন।’

শান্তিনগরে জলামগ্ন পথে খাদে পড়ে যাত্রীসহ উল্টে যায় রিকশা। ছবিটি বুধবার দুপুরে তোলা l আবদুস সালাম
শান্তিনগরে জলামগ্ন পথে খাদে পড়ে যাত্রীসহ উল্টে যায় রিকশা। ছবিটি বুধবার দুপুরে তোলা l আবদুস সালাম

শান্তিনগরের বিভিন্ন স্থানেও ছিল হাঁটুপানি। এই এলাকার বাসিন্দা রাজু জানান, তিনি অফিসে যাওয়ার সময় যে পোশাক পরে বেরিয়েছিলেন, তা অনেকাংশ ভিজে গেছে এই পানিতে। একই এলাকায় বৃষ্টির পানি ঢুকে বিকল হয়ে গেছে অনেক সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন। সিএনজিচালক আবদুল হামিদ জানান, বৃষ্টিতে এই এলাকায় পানি জমে গেছে। এতে তাঁর সিএনজিতে পানি ঢুকে বিকল হয়ে গেছে। টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সংসদ ভবনে ঢোকার সড়কটিও। বৃষ্টিতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ ছাড়া পল্টন মোড়ে বৃষ্টিতেও সেসব এলাকার বাসিন্দাদের ভোগান্তি ছিল চরমে।
মৌচাক মার্কেট, গাউছিয়া, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ক্রেতারা হাঁটুপানির মধ্যেই ঈদের বাজার করছেন। অনেকে অভিযোগ করেছেন, পানি অপসারণের ব্যবস্থা ভালো না থাকার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমেছে, আর এতেই তাঁরা ভোগান্তির শিকার হয়েছেন।
নিউমার্কেটের নূর ফ্যাশন হাউসের ব্যবস্থাপক বেলাল হোসেন জানালেন, বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে লোকজন দোকানে কম এসেছে। এতে তাঁর বিক্রিতে ভাটা পড়েছে।

নিউ ইস্কাটনের বিয়াম রোডে বাড়ির ভেতরেও পানি ঢুকে পড়ায় বের হতে হয় রিকশায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
নিউ ইস্কাটনের বিয়াম রোডে বাড়ির ভেতরেও পানি ঢুকে পড়ায় বের হতে হয় রিকশায়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো


মৌচাক মার্কেটে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় যখন বাজার জমে ওঠার কথা, সেখানে আজ ক্রেতার তেমন দেখা পাননি দোকানিরা। অনেকটা অলস সময়ই কাটছে তাঁদের।
ঈদে ঘরে ফেরা মানুষও বেকায়দায় পড়েছেন। বৃষ্টি ও জলাবদ্ধতা মাথায় নিয়েই তাঁদের যেতে হয়েছে বাস টার্মিনাল ও লঞ্চঘাটের দিকে। সদরঘাট, কল্যাণপুর, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী এলাকার বিভিন্ন স্থানে পানি জমে যায়। এসব এলাকায় কাদাপানি মাড়িয়ে ঘরমুখী মানুষ ছেড়েছেন রাজধানী। রংপুরের যাত্রী শোয়েব তারিক জানান, তিনি মিরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় কল্যাণপুরে এসেছেন। বৃষ্টি বেশি হওয়ার কারণে বাড়তি ভাড়া গুনতে হয়েছে।
তবে গতকাল সরকারি ছুটি থাকায় দিনভর রাস্তাঘাটে সেই চিরচেনা যানজট ছিল না। রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। অনেককে প্রধান সড়ক দিয়ে রিকশায় করেও বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে। রাজধানীর গণপরিবহনগুলোতেও তেমন ভিড় ছিল না।