রাজধানীতে দুই খুন
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে দুজন খুন হয়েছেন। এর মধ্যে লালবাগ থানার পলাশী মোড়ে খুন হয়েছেন জমি ব্যবসায়ী সোহেল আহমেদ ওরফে বিপ্লব (৩০)। যাত্রাবাড়ীতে খুন হয়েছেন পরিবহন ব্যবসায়ী আলী হোসেন (৩৫)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে পলাশী মোড়ে চারজন সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে এসে সোহেল আহমেদের মোটরসাইকেলটির গতি রোধ করে। সোহেলের পেছনে বসা ছিলেন তাঁর প্রতিবেশী মাহবুবুর রহমান। সন্ত্রাসীরা সোহেলকে টেনেহিঁচড়ে রাস্তায় নামায়। সন্ত্রাসীদের একজন কোমর থেকে পিস্তল বের করে সোহেলের বুকে ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। মাহবুব রক্তাক্ত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে সোহেলের স্ত্রী নাসিমা আক্তারসহ স্বজনেরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। নাসিমা বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘মনে হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।’সোহেল সপরিবারে কামরাঙ্গীরচরের মনসুরাবাদের মাদ্রাসা রোডে থাকতেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।এদিকে রাত পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে কয়েকজন সন্ত্রাসী পরিবহন ব্যবসায়ী আলী হোসেনের মোটরসাইকেলের গতি রোধ করে। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। মাথা ও ঘাড়ে গুলি লেগে আলী হোসেন লুটিয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ১২টার দিকে তিনি মারা যান।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।’আলী হোসেন যাত্রাবাড়ী থানার পশ্চিম মাতুয়াইলের মৃধাবাড়ীতে থাকতেন।