রাজধানীতে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু
রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে গতকাল বৃহস্পতিবার দুজন গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকালে পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে সুমাইয়া হোসেন (২২) নামের একজন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মিরপুরের মধ্য পাইকপাড়ার একটি বাসা থেকে কল্যাণী দাস (২৫) নামের একজন গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাতটার দিকে পশ্চিম ধানমন্ডির ১৫ নম্বর সড়কের ২৭১ নম্বর বাসার বাথরুম থেকে পুলিশ সুমাইয়া হোসেনের লাশ উদ্ধার করে। ঝরনার (শাওয়ার) সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি ঝুলছিল।হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্বামী, শাশুড়ি, দেবর ও ননদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন সুমাইয়া। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুমাইয়ার পরিবারের কেউ এ বিষয়ে রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।সুমাইয়ার বাবা মোশাররফ হোসেন বলেন, মেয়ের সঙ্গে স্বামী ও স্বামীর পরিবারের কোনো কলহ ছিল না। কী কারণে এমনটি ঘটল, তা কেউ-ই বলতে পারছেন না।এদিকে মিরপুরের ৪২ মধ্য পাইকপাড়ার বাসা থেকে গতকাল কল্যাণী দাসের লাশ উদ্ধার করে পুলিশ। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, কল্যাণীর মৃত্যু সম্পর্কে তাঁর স্বামী প্রথমে বলেছিলেন হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরে বলেন, কল্যাণী বিষপান করতে পারেন। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ কল্যাণীর স্বামী হাজী মকবুল ডিগ্রি কলেজের প্রভাষক বিকাশ দাসকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।