রাজধানীতে দুই গৃহবধূসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গত দুই দিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সরকারি কর্মকর্তা শামসুন নূর (৪৬), গৃহবধূ চামেলি আক্তার (২১) ও নাজমা বেগম (২০)। অন্য এক যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে পুলিশ মহাখালী এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুন নূর (৪৬) নামের এক নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক ছিলেন।তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মহাখালীর রসুলবাগ এলাকার ওই হোটেলে ওঠেন শামসুন নূর। গতকাল দুপুর ১২টা পর্যন্ত দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দরজা ভেঙে খাটের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।শামসুন নূরের বাবার নাম সাদেক আলী। গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে। ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন তিনি। ঘুমের মধ্যে হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে।গতকাল সকালে পুলিশ রাজধানীর মগবাজার রেলক্রসিং-সংলগ্ন হাতিরঝিল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। স্থানীয় ছেলেমেয়েরা লেকের পাড়ে খেলতে গিয়ে লাশটি দেখতে পায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান জানান, মৃতদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে মরদেহটি কেউ ঝিলের পানিতে ফেলে গেছে।এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশ পশ্চিম রামপুরার ২৭/এ, ওমর আলী লেনের বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ চামেলির ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর স্বামীর নাম তামিরুল ইসলাম। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, চামেলি মৃগীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এসব রোগের যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। ঘটনার সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না। আরেক গৃহবধূ নাজমা বেগম একই এলাকার ১৬/বি, রামপুরায় থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রামপুরা থানার ওসি জানান, ঘুমের মধ্যে নাজমা বেগম মারা গেছেন বলে তাঁরা ধারণা করছেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা ও রামপুরা থানায় পৃথক তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।