রাজধানীতে দুই তরুণী ধর্ষণের শিকার
রাজধানীতে পৃথক দুটি ঘটনায় দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের একজন পিরোজপুর থেকে ঢাকায় এসে আসাদগেট এলাকায় এবং অন্যজন ময়মনসিংহ থেকে বন্ধুদের সঙ্গে এসে তেজগাঁও বস্তিতে ধর্ষণের শিকার হন।
পিরোজপুর থেকে মাদ্রাসায় ভর্তি হতে এসে গত মঙ্গলবার ধর্ষিত তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, পিরোজপুরের নাজিরপুর থেকে গত সোমবার উত্তরার একটি মাদ্রাসায় ভর্তি হতে এসে লালবাগে ফুফার বাসায় ওঠেন। মঙ্গলবার সকালে ফুফা তাঁকে আসাদগেট এলাকায় নিয়ে কামিজ কিনে দেন। এরপর সেখান থেকে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে উত্তরার মাদ্রাসায় ভর্তি করাতে নিয়ে যান। মেয়েটি বলেন, তিনি ওই মাদ্রাসার এক নারী শিক্ষকের কাছে ঘটনাটি জানান।
নিগ্রহের শিকার এ তরুণী বলেন, পরে মাদ্রাসাশিক্ষক তাঁর বাবা-মাকে ঘটনাটি জানিয়ে ঢাকায় আসতে বলেন। তবে পরের দিন পারিবারিক সালিসে ফুফা ধর্ষণের কথা অস্বীকার করেন। ধর্ষণের বিষয়ে নিশ্চিত হতে গতকাল বিকেলে তাঁকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়। তবে মেয়েটির স্বজনেরা এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করতে রাজি হননি।
এর আগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে তিন বন্ধুর সঙ্গে বেড়াতে এসে রাজধানীর তেজগাঁও রেললাইন বস্তিতে ধর্ষণের শিকার হন আরেক তরুণী। এ ঘটনায় আলমগীর হোসেন ও আবদুস সালাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর আলামিন নামে অন্যজন পলাতক রয়েছে।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আলামিন তার বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে বেড়ানোর কথা বলে ময়মনসিংহ থেকে রাজধানীতে নিয়ে আসে। পরে তেজগাঁও রেললাইন বস্তির একটি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। গ্রেপ্তার হওয়া আলমগীর ও সালাম গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।