রাজধানীতে দুই ব্যক্তিকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর- ১ নম্বর এলাকার সনি সিনেমা হলের সামনে আজ শনিবার রাত নয়টার দিকে দুর্বৃত্তরা দুই ব্যক্তিকে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন রাজীব আহমেদ (২৪) ও ইউসুফ আলী (২৫)।

আহত দুজন প্রথম আলো ডটকমকে জানান, তাঁদের বাসা মিরপুর- ১ এর নিউ সি ব্লকে। সন্ধ্যার পর গাবতলীর পশুর হাটে গরু কিনতে তাঁরা সনি সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছিলেন। পথে পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁদের পথ রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁদের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাঁরা আরও জানান, হামলাকারীরা স্থানীয় বাবু ও তাঁর সহযোগী।

হাসপাতাল সূত্র জানায়, চাপাতির কোপে রাজীবের গলা এবং ইউসুফের পিঠে জখম হয়।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, ঘটনাটি সম্বন্ধে তিনি খোঁজ নিচ্ছেন।