রাজধানীতে দুজন খুন
রাজধানীতে গত দুই দিনে দুজন খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান মো. বশির (৪০) নামের এক ব্যক্তি। আগের রাতে আদাবরে পিটিয়ে রতন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়। লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে বশির মহাখালী ওয়্যারলেস গেটসংলগ্ন বেলতলা বস্তিতে একটি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন অস্ত্রধারী যুবক তাঁকে লক্ষ্য করে বেশ কটি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, বশির ওই বস্তিতে অবৈধভাবে বিদ্যুৎ ও ডিশ-সংযোগের ব্যবসা করতেন। বস্তিতে পানির ব্যবসাও ছিল তাঁর নিয়ন্ত্রণে। ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এদিকে গত সোমবার রাতে আদাবর থানার মেহেদীবাগে পিটিয়ে বৃদ্ধ রতন মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।আদাবর থানার ওসি শামীম-অর-রশিদ বলেন, সোমবার রাতে প্রতিবেশী আবু সরকারের সঙ্গে রতন মিয়ার বাগিবতণ্ডা হয়। এর জের ধরে আবু ও তাঁর লোকজন তাঁকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।