রাজধানীতে দুজনের অপমৃত্যু
রাজধানীর প্রেসক্লাব এলাকায় গতকাল বিকেলে বাস থেকে পড়ে আরেক বাসের চাপায় মো. রাসেল (২০) নামের এক বাসশ্রমিকের (হেলপার) মৃত্যু হয়েছে। একই দিনে কাফরুলের ইব্রাহিমপুর থেকে এক রেস্তোরাঁকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটায় বিকল্প পরিবহনের একটি বাস প্রেসক্লাবের কদম ফোয়ারার সামনে এলে দ্রুত গতির আরেকটি বাসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে মিরপুর থেকে ছেড়ে আসা বিকল্প বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা রাসেল রাস্তায় পাশের বাসটির নিচে চাপা পড়েন। দ্রুত গতির বাসের নিচে পড়ে মুহূর্তেই তাঁর পুরো শরীর থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাসেলের বাবার নাম আবদুল মালেক। তাঁর গ্রামের বাড়ি ভোলার পশ্চিম ইলিশা এলাকায়। ওই বাসটির চালক আবুল খায়েরকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল বিকেলে ইব্রাহিমপুরের একটি বাসার ছয়তলা থেকে সবুর তালুকদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুর কাফরুলের একটি ফাস্টফুড রেস্তোরাঁর ব্যবস্থাপক ছিলেন। তাঁর লাশের সঙ্গে একটি চিরকুটও পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। সবুরের মৃত্যুর কারণ জানা যায়নি।