রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গোড়ান এলাকায় পিকআপের চাপায় মো. মামুন (২২) এবং পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুস সালাম (১৯) নামের আরেকজন মারা গেছেন।
পুলিশ জানায়, বেলা দুইটার দিকে গোড়ান বাজারের কাছে চলন্ত একটি পিকআপ ওয়ার্কশপ মিস্ত্রি মামুনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খিলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত নয়টার দিকে তিনি মারা যান।
খিলগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছেন।
মামুন সপরিবারে খিলগাঁওয়ের সিপাহীবাগে থাকতেন। তাঁর বাবা আবদুল গণি রিকশাভ্যানচালক। মামুন তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।
এদিকে বেলা আড়াইটার দিকে পল্লবীর ডিওএইচএস এলাকার একটি নির্মাণাধীন বাড়ির নিচতলা থেকে দড়ি দিয়ে বেঁধে তৃতীয় তলায় রড তুলছিলেন শ্রমিকেরা। এ সময় রডগুলো বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে নির্মাণশ্রমিক সালাম ছিটকে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।