রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের একজন পোশাক শ্রমিক মনিরা আক্তার (১৫) ও অন্যজন বাসচালকের সহকারী মাহফুজ মিয়া (২৫)।
হাসপাতাল সূত্র জানায়, মনিরা তার মায়ের সঙ্গে বাড্ডা এলাকায় থাকত। মনিরা ও তার মা মরিয়ম গতকাল সকালে পৃথক কর্মক্ষেত্রে যান। পরে প্রতিবেশীদের কাছ থেকে মা জানতে পারেন মেয়ে বিষপান করেছে। মরিয়ম বাসায় ফিরে মেয়েকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে মনিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে তার মৃত্যু হয়। মনিরা শেরপুরের সদর উপজেলার পাঞ্জাভাঙ্গা গ্রামের মোহর উদ্দিনের মেয়ে।
এদিকে বাসচালকের সহকারী মাহফুজ মিয়া মিরপুর থানার বড়বাগে থাকতেন। মাহফুজের স্ত্রী মুন্নী আক্তার বলেন, কয়েক দিন আগে মাহফুজের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। গতকাল দুপুরে মাহফুজ তাঁকে বাসায় আসতে বলেন। তিনি বাসায় গিয়ে দেখেন বাসার দরজা খোলা। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মাহফুজ বিছানায় পড়ে আছে। পরে অচেতন অবস্থায় মাহফুজকে বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ায় মুন্নীকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে রাখা হয়েছে।