রাজধানীতে দুজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে স্কুলছাত্রসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন শহীদুল ইসলাম (৪৫) ও স্কুলছাত্র রবিন হোসেন (১৫)।
কাফরুল মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র রবিন তার মা-বাবার সঙ্গে দক্ষিণ কাফরুলে থাকত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিনের স্বজনেরা বলেন, পরীক্ষার ফল খারাপ হওয়ায় রবিনের মা তাকে বকাঝকা করেন। এরপর রাগ করে একটি কক্ষে ঢুকে সে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয় এবং সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। গোঙানির শব্দ পেয়ে দরজা ভেঙে রবিনকে উদ্ধার করে স্বজনেরা দ্রুত তাঁকে ওই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিনের বাবার নাম বাবুল মিয়া। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গাঙগুলো পাড়া গ্রামে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি আত্মহত্যা। এ ব্যাপারে কাফরুল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
একই দিন সকালে পল্লবী থানা-পুলিশ মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৩৫ নম্বরের একটি বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় শহীদুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, শহীদুলের স্ত্রী কয়েক দিন আগে দুই ছেলেমেয়ে রেখে বকুল নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। এ কারণে শহীদুল ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বকুল ও শহীদুলের স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তাঁদের দুজনকে গ্রেপ্তার করেছে।