রাজধানীতে দুদিনে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। গতকাল শনিবার ভোরে যাত্রাবাড়ী থানা এলাকায় কাভার্ড ভ্যান-ট্রাকের সংঘর্ষে মারা যান সাদ্দাম হোসেন (৩০) নামের একজন। গত শুক্রবার রাতে শাহ আলী থানা এলাকায় গাড়ির ধাক্কায় মারা যান একজন অজ্ঞাতনামা নারী (৪০)।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, গতকাল ভোর চারটার দিকে মাতুয়াইলে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালকের সহযোগী সাদ্দাম মারা যান। আহত হন ভ্যানচালক মো. জাহাঙ্গীর (২৭)। সাদ্দামের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে শাহ আলীর চটবাড়ি এলাকা থেকে ওই অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেন শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল। এসআই জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মারা গেছেন ওই নারী।