রাজধানীতে দুপুরে জামায়াত-শিবিরের তাণ্ডব, গুলিবিদ্ধ ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এজিবি কলোনী জামায়াত-শিবিরের মিছিল থেকে প্রাইভেটকারে আগুন দেওয়া হয়।  ছবি: রিয়াদুল করিম
রাজধানীর এজিবি কলোনী জামায়াত-শিবিরের মিছিল থেকে প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। ছবি: রিয়াদুল করিম

রাজধানীর মতিঝিল এজিবি কলোনি ও মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় আজ শুক্রবার দুপুরে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা ১০টির বেশি যানবাহন ও ফুটপাতের দোকানে আগুন দিয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। তবে অনেকে দাবি করেছেন, শিবিরও গুলি ছুড়েছে। এসব ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
জামায়াত-শিবিরের এই তাণ্ডবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন চিকিত্সা নিচ্ছেন। তাদের মধ্যে শিশুসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।
মতিঝিল: প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই মতিঝিলের এজিবি কলোনি এলাকায় জামায়াত-শিবির একটি মিছিল বের করে। মিছিল থেকে একের পর এক ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। পাশাপাশি মিছিল থেকে এলোপাতাড়িভাবে ভাঙচুর চালানো হয়। এ সময় আরামবাগ ও এজিবি কলোনি এলাকায় চারটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি কাভার্ড ভ্যান ও কয়েকটি রিকশা ভ্যান, রিকশা ও ফুটপাতের দোকানের কাঠের চৌকিতে আগুন দেওয়া হয়। এ ছাড়া সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ঘটনার পর পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রাইভেটকার ও মোটরসাইকেলগুলো একেবারেই পুড়ে যায়।
অগ্নিদগ্ধ একটি প্রাইভেটকারের চালক মো. আলমগীর বলেন, তিনি শান্তিনগর থেকে আসছিলেন। এজিবি কলোনি এলাকায় আইডিয়াল স্কুলের কাছাকাছি আসার পর জামায়াত-শিবিরের ২০০-৩০০ কর্মীর মিছিল দেখতে পান। মিছিল থেকে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি তাঁকে গাড়িতে রেখেই তাতে আগুন দেওয়া হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মালিবাগ: অন্যদিকে একই সময়ে মালিবাগ রেললাইনের দিক থেকে একটি মিছিল নিয়ে রামপুরার দিকে যান শিবিরের কর্মীরা। মিছিলকারীরা এ সময় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি ছোট কাভার্ড ভ্যান ও অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেন। তবে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। শিবিরের কর্মীরা কিউ ফার্মা নামের একটি ওষুধের দোকানের কাচ ভাঙচুর করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁরা পালিয়ে যান।

আগুনে পুড়ে যাওয়া অনাবিল পরিবহন বাসের চালক নাসির উদ্দিন জানান, তিনি গাজীপুর থেকে আসছিলেন। আবুল হোটেলের কাছাকাছি আসার পর দেখেন ৬০-৭০ জনের একটি মিছিল সামনে থেকে আসছে। এ সময় মিছিলকারীরা ‘ধর ধর ...’ বলে স্লোগান দিয়ে বিপরীত দিক থেকে এগিয়ে আসছিল। তারা দুই দিকে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করছিল। তাদের সঙ্গে দুটি রিকশা ভ্যান ছিল। অনেকের মাথায় হেলমেট ও পরিধানে লাইফ জ্যাকেট ছিল। হঠাত্ তাঁর গাড়িতে পেট্রলবোমা ছোড়ে মিছিলকারীরা। এতে প্রথমে বাসটির পেছন দিকে আগুন লাগে। এ সময় যাত্রীরা যে যার মতো বাস থেকে নেমে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির আসন ও জানালার গ্লাস পুড়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান বলেন, অভিনব কায়দায় এখানে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হয়েছে। হামলাকারীরা হেলমেট পরে আক্রমণ চালিয়েছে। চৌধুরীপাড়ার ঘটনায় আরিফ নামের একজনকে আটক করা হয়েছে। নতুন পাঁচটি হেলমেট ও কয়েকটি লাইফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।