রাজধানীতে দুর্ঘটনার প্রতিবাদে কালশী সড়ক অবরোধ
দুর্ঘটনার প্রতিবাদে ও গতিরোধক নির্মাণের দাবিতে রাজধানীর মিরপুরের কালশী সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ শুরু হয়। বেলা সোয়া একটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।
এলাকাবাসীর ভাষ্য, গতকাল দুপুরে ওই সড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার। দুর্ঘটনার প্রতিবাদে ও সেখানে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ওই সড়কে অবরোধ চলে। গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু আজ কোনো উদ্যোগ না দেখায় সকাল সাড়ে ১০টা থেকে আবার সড়ক অবরোধ করে এলাকাবাসী।
শারমিনের বোন নূরে সাদিয়া বলেন, গতকাল দুপুর ১২টার দিকে শারমিন বাসা থেকে বন্ধুর সঙ্গে শপিংয়ে বের হন। রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানটি তাঁকে ধাক্কা দেয়। পরে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামানের ভাষ্য, পিকআপভ্যানটি পাওয়া যায়নি। চালক আটক হয়নি। তবে গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।
আরও জানতে পড়ুন
কালশীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, অবরোধ