রাজধানীতে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুকযুদ্ধে আনসার সদস্যসহ দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরুল এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুকযুদ্ধে আনসার সদস্যসহ দুজন আহত হয়েছেন। আহত আনসার সদস্য মোহাম্মদ আলী (৩৭) গাজীপুরের জয়দেবপুর থানায় কর্মরত আছেন। তাঁদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে গাজীপুরের জয়দেবপুরের শালতা ব্রিজের কাছে একটি বাসের গতিবিধি দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশ বাসটি তল্লাশি চালাতে গেলে এর ভেতরে থাকা দুর্বৃত্তরা বাসটি নিয়ে দ্রুত ঢাকার দিকে যেতে থাকে। টহল পুলিশ তাদের পিছু নেয়। রাত পৌনে চারটার দিকে মিনিবাসটি ঢাকার বাড্ডার মেরুল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ-দুর্বৃত্ত বন্দুকযুদ্ধ শুরু হলে জয়দেবপুর থানা পুলিশের সঙ্গে থাকা বিশেষ আনসার সদস্য মোহাম্মদ আলী ও স্থানীয় নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন। মোহাম্মদ আলীর দুই ঊরুতে এবং রফিকুলের বাঁ পায়ের হাঁটুতে গুলি লাগে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাড্ডা থানার ওসি মজিবর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও আনসার সদস্যসহ দুজনকে আহত করার ঘটনায় মামলা হয়েছে।