রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ১৯টি স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।খালেদা জিয়া দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন আমির কমপ্লেক্সের সামনে থেকে খাবার বিতরণ শুরু করেন। এরপর তিনি উত্তরা হাউস বিল্ডিং, মধ্য বাড্ডার মোল্লাপাড়া, রামপুরার আলামিন মার্কেট, সিদ্ধেশ্বরী বালুর মাঠ, হলি ফ্যামিলি হাসপাতাল, সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনের বাসার সামনে, কারওয়ান বাজার, এফডিসি গেট, সাতরাস্তা মোড়, নাবিস্কো মোড়, তালতলা বাসস্ট্যান্ড, মিরপুর-১১ নম্বরের আপ্যায়ন কমিউনিটি সেন্টার, ন্যাশনাল বাংলা স্কুল, বুদ্ধিজীবী কবরস্থান, খালেক এন্টারপ্রাইজ চত্বর, আদাবর সূচনা কমিউনিটি সেন্টার ও বনানী কমিউনিটি সেন্টারের সামনে খাবার বিতরণ করেন।খাবার বিতরণের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর সদস্যসচিব আবদুস সালাম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী, কফিল উদ্দিনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ইস্কাটনের খাবার বিতরণ অনুষ্ঠানে শফিক রেহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী: বেলা আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সেখানে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। শতাধিক শিশু বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন করে। খালেদা জিয়া শিশুদের চিত্রকর্ম দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম, আমিরুজ্জামান খান, আনোয়ারুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।