রাজধানীতে দেড় মাসে ১৮ খুন
রাজধানীতে ঈদের আগে হঠাৎ করেই বেড়ে গেছে খুন। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত প্রায় দেড় মাসে (১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত) ১৮টি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারগুলো। কয়েকটি মামলার তদন্তে পুলিশের বিরুদ্ধে অবহেলা ও পক্ষপাতেরও অভিযোগ রয়েছে।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, সময় বেঁধে তদন্ত হয় না।গত ৩১ জুলাই নিজ বাড়িতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার নাসিরউদ্দীন (৬৩) ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন (৫৮)। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মিশারুল আরিফ বলেন, ‘খুনিদের শনাক্তের জন্য আমরা তথ্য সংগ্রহ করছি।’এ ঘটনার দুই দিন আগে গুলশানে নিজের শয়নকক্ষে খুন হন রং ব্যবসায়ী ফজলুল হক (৭২)। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি।দেখা গেছে, সরকার ও পুলিশের পক্ষ থেকে বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও পরিসংখ্যান তা বলে না। ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রতি মাসে গড়ে ২১টি খুনের ঘটনা ঘটেছে। আর চলতি বছরের জুন পর্যন্ত গড়ে খুনের ঘটনা ২০টির মতো। জুলাই পর্যন্ত পরিসংখ্যান এখনো করা হয়নি।তবে সংবাদ বিশ্লেষণে দেখা গেছে, ঈদ ঘনিয়ে আসতেই বেড়ে গেছে খুনের মাত্রা। দেখা গেছে, চলতি বছরের ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত খুনের ঘটনা ঘটেছে মাত্র পাঁচটি। এক সপ্তাহ বিরতির পর তা গাণিতিক হারে বেড়ে গেছে। ২১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঘটেছে ১৩টি খুনের ঘটনা। এ ক্ষেত্রে দিনে দুটি খুনের ঘটনাও ঘটেছে।গত ২ জুলাই পল্লবীতে বাসায় ঢুকে সন্ত্রাসীরা লিটন হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করে। ১০ জুলাই রাতে সায়েদাবাদের একটি আবাসিক হোটেলে খুন হন আবদুল মান্নান নামের এক পরিবহনশ্রমিক। ২৩ জুলাই মহাখালীতে বাসা থেকে ডেকে মো. আলাল নামের এক বৈদ্যুতিক মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ৬ আগস্ট আদাবরে রতন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়। সর্বশেষ ৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা গেছেন গার্মেন্টস কর্মকর্তা মাহমুদুল হাসান (৪৮)। এসবের অধিকাংশ মামলার তদন্তে সেই অর্থে অগ্রগতি নেই।কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, খুনের পর জড়িত ব্যক্তিরা গা ঢাকা দেয়। এ কারণে তাদের অনেক সময় গ্রেপ্তার করা যায় না। তা ছাড়া পুলিশের জনবল কম। একজন কর্মকর্তাকে একাধিক মামলার তদন্ত করতে হয় বলে দ্রুত তদন্ত শেষ করাও কঠিন হয়ে যায়।তবে ভুক্তভোগী কয়েকটি পরিবারের অভিযোগ, পুলিশ অনেক সময় হাতের কাছে পেয়েও আসামিদের গ্রেপ্তার করে না। ফলে পুলিশ মুখে বললেও খুনের মাত্রা কমানো সম্ভব হচ্ছে না।এ ব্যাপারে ডিসি মাসুদুর রহমান বলেন, পুলিশের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযোগ কেউ করলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে।আগেই তৎপর হয় না পুলিশ: গত ৬ আগস্ট রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মো. বশির নামের একজন। পুলিশ ও এলাকাবাসী জানান, বশির অবৈধ পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবসা করতেন। পুলিশ তা জেনেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এ খুনের ঘটনা ঘটেছে।জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুবুল হক বলেন, ‘অপরাধ দমনের জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি।’৪ আগস্ট দিনদুপুরে কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় ঝুট ব্যবসায়ী নূরুল ইসলামকে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ দাবি করেন, ‘আমি থানায় আসার পর ঝুটসংক্রান্ত ঝামেলা এড়াতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। নূরুল হত্যার আগে আমি দুই পক্ষের টানাপোড়েন সম্পর্কে জানতাম না। এখন জানতে পারলাম।’