রাজধানীতে নয়জনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে তিন দিনে রাজধানীতে পৃথক ঘটনায় নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে তিনজন সড়ক দুর্ঘটনায় ও একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ছাড়া চার নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ঈদের দিন গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে হাতির ঝিলের পানির পাম্পের সামনের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন চালক মাসুম ইসলাম (২৬) ও আরোহী সামাদ (২৫)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। আহত সামাদ মহাখালী মেট্রোপলিটান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত মাসুমের বাসা রামপুরার বনশ্রী এলাকায়। তিনি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। মোড় ঘোরার সময় দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের একটি রড তাঁর চোয়ালের ভেতর ঢুকে যায়।
ঈদের দিন বিকেলে কাকরাইলে মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৪৫) নামের এক নারী মারা যান। শাহবাগ থানার এসআই সুব্রত সাহা বলেন, আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই স্বজনেরা ফাতেমার লাশ নিয়ে গেছেন।
আগের দিন গত বৃহস্পতিবার মধ্যরাতে গাবতলী সেতুর কাছে দিগন্ত পরিবহন নামে একটি বাসের চাপায় মারা যান গরু ব্যবসায়ী বাচ্চু মোল্লা (৩৫)। গাবতলীতে গরু বিক্রি শেষে তিনি মানিকগঞ্জে বাড়িতে ফিরছিলেন।
ঈদের পরদিন শনিবার দুপুরে মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক প্রাণ হারান। ঢাকা রেলপথ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, যুবকটির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও সবুজ পাঞ্জাবি ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
একই দিন সন্ধ্যায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসা থেকে শাহনাজ বেগম (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। শাহনাজের স্বামী জাকির হোসেন কুষ্টিয়ার একটি আবাসিক হোটেলের কর্মী। মোহাম্মদপুর থানার এসআই সজীব দে প্রথম আলোকে বলেন, শাহনাজের পরিবার পুলিশকে বলেছে যে তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। যন্ত্রণা সইতে না পেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
ওই দিন রাত নয়টার দিকে তুরাগ থানার ফুলবাড়িয়া সড়ক-সংলগ্ন বাসা থেকে নাজমুন নেছা (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তুরাগ থানার এসআই নজরুল ইসলাম বলেন, পুলিশ দরজা ভেঙে নাজমুনের লাশ উদ্ধার করেছে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ডবলমুড়িংয়ে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানার পুলিশ টোলারবাগের একটি বাসার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় রাহেলা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করে। তাঁর গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়ায়। গলায় ফাঁস দিয়েছেন এমন খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ বাসাবোর একটি বাসায় থেকে তানিয়া আক্তার (২৪) নামের এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে।