রাজধানীতে নারী খুন দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক নারী খুন হয়েছেন। এ ছাড়া গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি মারা গেছেন। এর মধ্যে তিতাস গ্যাসের জ্যেষ্ঠ হিসাব সহকারী রাইসুল কবির (৩২) ও রিকশাচালক আবদুল মতিন (৫০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।বনানী থানার সূত্র জানায়, গতকাল সকাল সোয়া সাতটার দিকে দুই নারী সিএনজিচালিত একটি অটোরিকশায় এক নারীকে অচেতন অবস্থায় মহাখালীর উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) নিয়ে যান। এঁদের একজন অটোরিকশায় বসে ছিলেন, অন্যজন অচেতন ওই নারীকে ভর্তি করান। এর কিছুক্ষণ পর ওই নারী মারা যান। পরে হাসপাতালে আসা ওই দুই নারীকে খুঁজে পাননি কর্মীরা। মৃত ওই নারীর গলায় ও থুতনিতে কালো দাগ এবং পায়ের গোড়ালিতে ছিলে যাওয়া জখমের চিহ্ন রয়েছে। পরনে ছিল হলুদ ছাপা শাড়ি ও কালো ব্লাউজ।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অটোরিকশায় নিয়ে আসা দুই নারী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।দুর্ঘটনায় নিহত তিন: গতকাল শনিবার বেলা ১১টার দিকে মালিবাগ এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে যাত্রীবাহী একটি বাস রিকশাচালক আবদুল মতিনকে চাপা দেয়। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পথে তিনি মারা যান।মতিন সবুজবাগের নন্দীপাড়ায় ৬ নম্বর সড়ক-সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে দক্ষিণখান থানার আটিপাড়ায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান। তাঁর পরনে চেক পাজামা ও কালো চেক ফুল শার্ট ছিল।এর আগে রাত সোয়া ১১টার দিকে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে একটি মাইক্রোবাস তিতাস গ্যাসের হিসাব সহকারী রাইসুল কবিরের (৩২) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে আহত হন। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট তিন থানায় একটি করে মামলা হয়েছে।