রাজধানীতে নাশকতার আশঙ্কায় তল্লাশি চৌকি
সারা দেশে আজ সোমবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনেকটা নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। রাজধানীতে সকাল থেকে জামায়াতের নেতা-কর্মীদের তেমন তত্পরতা ও পিকেটিং লক্ষ করা যায়নি। নাশকতার আশঙ্কায় বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ ও র্যাব।
দলের তিন নেতাকে সাজা দেয়ার প্রতিবাদে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদের তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা না দিলে তাঁদের কারাদণ্ডের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়বে। জামায়াতের মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে গতকাল ট্রাইব্যুনাল চলাকালে পুরো সময় সেখানে হাজির থাকা (কারাদণ্ড) ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাইব্যুনাল সম্পর্কে ‘অমর্যাদাকর ও উসকানিমূলক’ বক্তব্য দিয়ে আদালত অবমাননার দায়ে জামায়াতের তিন নেতাকে এই সাজা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের এ আদেশের প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
সাম্প্রতিক সময়ে হরতালগুলোর শুরুতে রাজধানীতে বিক্ষিপ্ত মিছিল, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে দেখা গেছে। কিন্তু আজকে হরতালের সেই পুরোনো সহিংস দৃশ্য চোখে পড়েনি।
রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত গাড়িও চলতে দেখা গেছে। বাসস্ট্যান্ডগুলোতে অন্য দিনের মতো যাত্রীদের ভিড় রয়েছে। তবে দূরপাল্লার বাস-টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।
ঢিলেঢালা হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর রয়েছে। রাজধানীর মিরপুরে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার সড়কের দুই পাশে চারটি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এসব চৌকিতে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখন হরতালে প্রতিবাদের চেয়ে নাশকতাই বেশি হয়। যাঁরা এসব অপতত্পরতা করছেন, তাঁদের অবাধ যাতায়াত বাধাগ্রস্ত করতেই তল্লাশি চৌকি বসানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর প্রতিটি থানা এলাকায় কমপক্ষে চারটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। অনেক থানায় আবার পাঁচ থেকে সাতটি চৌকি বসানো হয়েছে।
তেজগাঁও অঞ্চলে পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে জানান, মোটরসাইকেলে করেই বেশির ভাগ স্থানে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। তাই মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি করা হচ্ছে।
গতকাল রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রমনা অঞ্চলে পুলিশের উপকমিশনার মারুফ হাসান এ তথ্য জানিয়েছেন।