রাজধানীতে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর মধ্যবাড্ডার পোশাক কারখানার সীমানাপ্রাচীরের ভেতর থেকে পুলিশ গতকাল সোমবার বিকেলে আবদুর রহমান ভূঁইয়া (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। রহমান স্থানীয় একটি কোম্পানির নিরাপত্তাকর্মী। বাড্ডা থানা সূত্র জানায়, রহমান ১০৫/১/গ মধ্যবাড্ডায় প্রাণ আরএফএল কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি কর্মস্থলের পাশে একটি মেসে থাকতেন। গতকাল বিকেলে পাশের একটি পোশাক কারখানার কর্মীরা বাড্ডা থানায় ফোন করে জানান, কারখানার সীমানাপ্রাচীরের ভেতরে এক ব্যক্তির লাশ পড়ে আছে। সেই খবরের ভিত্তিতে বাড্ডা থানার পুলিশ রহমানের লাশ উদ্ধার করে। এরপর রহমানের সহকর্মীরা তাঁর লাশ শনাক্ত করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান প্রথম আলোকে জানান, সর্বশেষ ১৫ জুলাই রহমান তাঁর কর্মস্থলে দায়িত্ব পালন করেন। এরপর তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় কোম্পানির নিরাপত্তা তত্ত্বাবধানকারী ১৭ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।