হরতাল ডেকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা ঘরে বসেই সময় পার করেছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাতে গোনা কয়েকজন নেতা ছিলেন। রাজধানীতে হরতাল-সমর্থকদের তেমন তৎপরতাও ছিল না। ঢাকার বাইরেও ঢিলেঢালা ভাব লক্ষ করা যায়।শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে ‘আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় সহস্রাধিক নিহত হওয়া’র প্রতিবাদে সারা দেশে ১৮-দলীয় জোটের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল গতকাল শেষ হয়েছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান অভিযোগ করেন, হরতাল চলাকালে তাঁদের বের হতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণ মিছিল কর্মসূচিতেও বাধা দেওয়া হয়।রাজধানীতে সকাল থেকেই বিপুলসংখ্যক গণপরিবহন দেখা গেছে। অন্যান্য হরতালের তুলনায় ব্যক্তিগত গাড়িও চলেছে বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়তে থাকে। অনেক দোকান ও বড় বড় বিপণিবিতান খোলা ছিল। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর ঢাকার চিত্র অনেকটাই পাল্টে যায়। বিভিন্ন স্থান থেকে আনন্দ মিছিল বের হলে হরতালের রেশ একেবারে কেটে যায়। দুপুরের পর ঢাকায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। তবে ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।গতকাল রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল। মানবতাবিরোধী রায়ের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল পুলিশ-র্যাব সতর্ক অবস্থানে ছিল। হাইকোর্ট, ক্রিসেন্ট লেকসহ কয়েকটি সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মিরপুরের মাজার রোডসহ কয়েকটি এলাকায় ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা চালালে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।বেলা ১১টার দিকে শাঁখারী বাজার এলাকা থেকে কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি মো. পারভেজকে আটক করে পুলিশ। ৫ মে ভিক্টোরিয়া পার্ক এলাকায় গাড়ি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় কোতোয়ালি থানার পুলিশ।বিএনপির নেতা শামসুজ্জামান সংবাদ সম্মেলনে দাবি করেন, গতকালের হরতালে ফেনী, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত হয়েছেন। ১০৯ জনের বেশি আহত ও ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে এ খবরের সত্যতা মেলেনি।